ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোড থেকে সোমবার সকালে উদ্ধার করা লাশটি অখিল চন্দ্র সরকার নামে এক যুবকের।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক ইউনুস আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অখিল সরকার ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসায় থাকতেন। রোববার রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পরদিন সকালে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করে অখিলের স্বজনরা। এদিন ভোরে মোহাম্মদপুর থানা পুলিশ শেরশাহসুরি রোড থেকে অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করে।
ইউনুস আলি জানান, মঙ্গলবার সকালে পত্রিকায় খবর দেখে আত্মীয়স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অখিলের লাশ সনাক্ত করে।
হাসপাতালে অখিল চন্দ্র সরকারের আত্মীয় মিহির কান্তি ঘোষাল সাংবাদিকদের জানান, অখিল শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার কাজও করতেন তিনি। স্বেচ্ছাসেবক লীগ কর্মী অখিলের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৭৫৫ ঘ.
bdnews24