চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও এতে সহায়তার দায়ে চট্টগ্রামে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক এম এ নূর সোমবার মামলার রায়ে ওই তিন আসামিকে একইসঙ্গে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডেরও নির্দেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- দোস্ত মোহাম্মদ, কাউছার আহমেদ ও জাকির হোসেন প্রকাশ জুয়েল। এরা সবাই পলাতক।
মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ১৭ মে দোস্ত মোহাম্মদ পূর্ব পরিচয়ের সূত্র ধরে নগরীর মিয়াখান নগর এলাকার এক তরুণীকে বেড়াতে নিয়ে গিয়ে কাউছারের বাড়িতে আটকে রাখে। তার বিয়ের প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় দোস্ত মোহাম্মদ তাকে ধর্ষণ করে। পরে কুমিল্লায় জুয়েলের বাড়িতে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ২০০২ সালের ২৮ মে তরুণীটি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। এতে কাউছার ও জুয়েলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালে এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৩ এর ১৯ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে সোমবার রায় দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২১১৭ ঘ.
bdnews24