ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস এ অনুত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে রোববার বৈঠক করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ।
দ্বিতীয় দফার ফলাফল বাতিল করে প্রথমবারের ফলাফল বহাল রাখার দাবিতে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা গত ১ নভেম্বর থেকে 'আমরণ' অনশন করছে। বৈঠকে পিএসসি তাদের দাবি শুনলেও কোনো আশ্বাস দেয়নি।
এদিকে ২৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দিনে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে।
অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পক্ষে পাঁচজন এবং মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক আহমেদ কামাল ও অধ্যাপক বোরহান উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে পিএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। পিএসসির পক্ষে চেয়ারম্যান সা'দত হুসাইনসহ সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে অধ্যাপক হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানবিক দিক বিবেচনা করে প্রথম দফায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারের ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য কিছু করা যায় কি না তা বিবেচনার আশ্বাস দিয়েছে পিএসসি।"
পিএসসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, "অনশনকারীরা কমিশনের কাছে তাদের দাবি-দাওয়া জানিয়েছে। কমিশন আইনের মধ্যে থেকে কী করতে পারবে তা তাদের ব্যাখ্যা করা হয়েছে।"
২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ, অথচ পরে বাদপড়া প্রার্থীরা তাদেরকেও নিয়োগ দেওয়া, পিএসসি চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গত ১ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরণ' অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ গত বৃহস্পতিবার রাতে অনশনকারীদের দেখতে গিয়ে তাদের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
পেছনের কথা
২০০৫ সালের জুনে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করে। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলও বাতিল করে পিএসসি।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট তা খারিজ করে দেয়। এতে করে ফল প্রকাশের পথে সব বাধা দূর হয়।
গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন কেবল নিয়োগ দেওয়া বাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেএফ/জেকে/এসকে/২১২৯ঘ.
bdnews24