২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মদ পানে মৃত্যু: গ্রেপ্তার চার, চোলাই মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মদ পান করে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে চার মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শহরের একটি গুদাম থেকে ২৩ লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে মদ পান করে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে চার মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শহরের একটি গুদাম থেকে ২৩ লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মহল্লার তামিজ উদ্দিনের ছেলে আজিজুর রহমান (৪৫), কালীগঞ্জ বাবুপাড়ার আব্দুর রহমানের ছেলে সারোয়ার (৩০), আলিনগর রেলবস্তির আবুল হোসেনের ছেলে আফজাল হোসেন (৪০) ও মৃত আসলাম উদ্দিনের ছেলে গাজলুর রহমান গাজু (৪৪)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রামচন্দ্রপুরহাটের একটি বাড়িতে মদ পান করে শনিবার বিক্রেতাসহ পাঁচজন মারা যান। অসুস্থ হয়ে পড়েন আরও তিনজন। এর আগে গত ৩১ অক্টোবর শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়া, নওগাঁ ও পিরোজপুরে নেশা জাতীয় তরল পান করে ২৩ জন মারা গিয়েছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান জানান, বিষাক্ত মদ পানে মৃত চারজনের লাশ পুলিশ শনিবার রাতে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোববার ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় তাদের আত্মীয় স্বজনের কাছে। তবে শনিবার দুপুরে পারিবারিকভাবে দাফন করা বাদশার লাশ আদালতের নির্দেশ পেলে উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। তিনি জানান, শনিবার রাতে পুলিশ, গোয়েন্দা বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শংকরবাটির আজিজুর রহমানের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে মুরগীর খামারের আড়ালে থাকা একটি গুদামঘর থেকে ২৩ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় জব্দ করা হয় চোলাই মদ তৈরির সরঞ্জাম। পরে গ্রেপ্তারকৃত আজিজুরের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে আরও তিন মদ বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক দু'টি মামলা হয়েছে বলে ওসি জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশর্ক আবু নাইম জানান, তাদের বিভাগ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। এর পাশাপাশি তারা পুলিশকেও তদন্তে সহযোগিতা করছেন। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির বৈঠকে মদ পানে পাঁচজনের মৃত্যুর বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক পুলিশ বিভাগকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন। সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩১ ঘ.