ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার আসামি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার দুপুর ১২টার দিকে বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায়ের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর মোশাররফের আইনজীবী অ্যাডভোকেট শাহআলম আদালতের কাছে তার পক্ষে জামিন আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের একটি নথি দেখিয়ে আদালতকে তিনি বলেন, "এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য মতামত দিয়েছিলেন। কিন্তু পরে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটা অবৈধ ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করে দুদকের গোপনীয় নথি আসামি পক্ষের আইনজীবী কাছে কীভাবে গেছে সে প্রশ্ন তোলেন। তিনি এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে বলেন, "তদন্ত কর্মকর্তা তার মতামত দিতেই পারেন। এটা কমিশনের কোনো সিদ্ধান্ত নয়।"
তিনি আরও বলেন,"জরুরি ক্ষমতা অধ্যাদেশ অনুযায়ী তার জামিনও হতে পারে না। এই অবস্থায় আমার আবেদন থাকবে তাকে জেলা হাজতে পাঠানো হোক।"
দীর্ঘ শুনানির পর বিচারক জামিন আবেদন নাকচ করে অবৈধ সম্পদসহ কয়েকটি মামলার আসামি মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামির আইনজীবী কারাগারে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।
দুপুরের পরে মোশাররফ হোসেনকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মোশাররফকে গত বছরের ৮ ফেব্র"য়ারি প্রথমবার আটক করা হয়েছিল। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি হন তিনি। তার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো দুর্নীতি মামলা ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মোট চারটি দুর্নীতির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/এসকে/১৯০৭ঘ.
bdnews24