২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গণপিটুনিতে চার ডাকাত নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চার জন নিহত হয়েছে। রোববার ভোররাতে হাটবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পাবনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চার জন নিহত হয়েছে। রোববার ভোররাতে হাটবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হচ্ছে- সাঁথিয়ার ভুলবাড়িয়া গ্রামের এবাদ আলী (৩৪), স্বরভনানীপুর গ্রামের রবিউল (৩০) ও লাল হোসেন (৩১) এবং তেবাড়িয়া গ্রামের শামিম হোসেন (২৬)। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "রাত ৩টার দিকে জনযুদ্ধের ১০/১২ জন সশস্ত্র সদস্য হাটবাড়িয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা জয়নালের বাড়িতে ডাকাতি করতে যায়। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে।" তিনি বলেন, "গ্রামবাসী একজোট হয়ে ডাকাত দলকে ধাওয়া করে পাঁচ জনকে ধরে ফেলে। গ্রামবাসীর মারধরে চার জন ঘটনাস্থলেই মারা যায়।" হাবলু (২৯) নামে অপর জনকে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি পাইপগান ও একটি এলজি এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৭ ঘ.