২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র জাল করার সময় কিশোরগঞ্জে একজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) জাল করার সময় শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জাতীয় পরিচয়পত্র জাল করার কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার মেশিন ও প্রিন্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) জাল করার সময় শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জাতীয় পরিচয়পত্র জাল করার কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার মেশিন ও প্রিন্টার। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মিঠামইন উপজেলা বাজারের এসআর ডিজিটাল স্টুডিও'র কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা হয়েছে এবং স্টুডিও মালিক মো. আতাউর রহমান চৌধুরী ও তার অপর সহযোগী শেখ সাফিউর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলা নির্বাচন কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. কাজী মিয়া সকালে বাজারে গিয়ে দেখেন এস আর ডিজিটাল স্টুডিওতে জাতীয় পরিচয়পত্র ছাপানো হচ্ছে। তিনি ছাপানো দুইটি পরিচয়পত্র সংগ্রহ করে এনে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দেখান। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুর রহমান স্টুডিওতে গিয়ে দেখতে পান শেখ শফিউর রহমান সাফি নামের একজন ভোটারের আইডি কার্ড সংশোধন করে তৈরি করা হচ্ছে। তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। ওসি জানান, পুলিশ কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলমকে আটক এবং এ কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.