যশোর, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যশোর-৩ আসনের জন্য ৪ সম্ভাব্য প্রার্থীর প্যানেল তৈরি করেছে আওয়ামী লীগ। শুক্রবার স্থানীয় টাউন হলে দলের জেলা শাখার এক বর্ধিত সভায় এ প্যানেল গঠন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু। এই কমিটি সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা দলের নির্বাচন পরিচালনা কমিটির কাছে পাঠাবে। তাদের পাঠানো তালিকা থেকেই চূড়ান্ত মনোনয়ন দেবে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।
প্রার্থী প্যানেলের সদস্যরা হলেন, আওয়ামী লীগ জেলা শাখা সভাপতি আলী রেজা রাজু ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর কোতোয়ালী উপজেলা সভাপতি মোহিত কুমার নাথ এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা খালেদুর রহমান টিটো। এই চারজনই দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
এর আগে নিজ নিজ প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা মিছিল করে বৈঠকস্থলে যান।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রে কিছু বাকবিতণ্ডা হওয়ার কথা জানা গেলেও জেলা সভাপতি আলী রেজা রাজু সাংবাদিকদের পরে বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই বৈঠক হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/১৯৫৯ঘ.
bdnews24