২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মনোজ মণ্ডলকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

খুলনা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মনোজ মণ্ডলকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামের দুপক্ষের বিরোধ মেটাতে গেলে একটি পক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- নরেন সরদার (৬০), তার স্ত্রী তরু রানী সরদার, দুই ছেলে মিহীর সরদার ও সমীর সরদার। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ফুলতলা গ্রামে আট শতক জমি নিয়ে নরেন সরদার ও শিব মণ্ডলের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মনোজ মণ্ডল তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি তাদের এক জায়গায় বসে বিরোধ মীমাংসার পরামর্শ দেন। এতে নরেন সরদারের পক্ষের লোকজন মনোজ মণ্ডলের ওপর ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তারা মনোজকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার তিনি মারা যান। হামলার সময় মনোজকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হন শিব মণ্ডল (৫২), সুমন মণ্ডল (২৯), চিত্রালী মণ্ডল (২২) ও চৈতালী মণ্ডল (২১)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.