ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলা করার জন্য জাতিসংঘকে একটি কার্যকর বহুপাক্ষিক কাঠামো তৈরির সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বাণিজ্য ও উন্নয়ন বোর্ডের (টিডিবি) প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের সাধারণ সভার দ্বিতীয় কমিটিতে এই আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার জেনেভাস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশ্বের অর্থনৈতিক মন্দা উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, মুদ্রা ও বিনিয়োগের ওপরেও প্রভাব ফেলবে। তাই বিশ্বের অর্থনৈতিক কাঠামো পরিবর্তনে এই দেশগুলোর অংশগ্রহণ অপরিহার্য।
বিশ্বের মন্দা পরিস্থিতি নিরসনে কঠোর তত্ত্বাবধান এবং শৃঙ্খলার ওপরে গুরুত্ব প্রদান করেন তিনি।
এই মন্দা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমজিডি) অর্জনকে পিছিয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের এ অর্থনীতিবিদ।
তিনি আরও বলেন, একটি নিয়মতান্ত্রিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর সেবা ও পণ্যকে মুক্তবাজারে প্রবেশের পথ সহজ করবে এবং এমজিডি অর্জনে দেশগুলোকে সাহায্য করবে। এ ব্যাপারে তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দোহা রাউন্ডের আলোচিত বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।
টিডিবি প্রধান ফিলিস্তিনে ইসরায়েলী 'আগ্রাসনের' ফলে ওই অঞ্চলটির অবকাঠামো এবং উৎপাদনশীলতা ধ্বংস হয়ে দেশটির 'অনুন্নয়ন' এর চক্রে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২৩২৪ঘ.
bdnews24