ঢাকা নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারের উপ মহাপরিদর্শক হিসেবে মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর চাকরির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার।
কারাগারের মহা পরিদর্শক ব্রিগেডিয়া জেনারেল জাকির হাসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেজর হায়দারের চাকরির মেয়াদ ছিল ৭ নবেম্বর পর্যন্ত। সরকার তার চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিকেলে শুনেছি।"
তবে তখনো পর্যন্ত এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাননি বলে মহা পরিদর্শক জানান।
মেজর ছিদ্দিকী বলেন, "রাষ্ট্রপতির অনুমোদন সংক্রান্ত চিঠিটি এখনো হাতে পাইনি। তবে মেয়াদ বৃদ্ধির বিষয়টি শুনেছি।"
গত বছর নভেম্বরে মেজর সামছুল হায়দার ছিদ্দিকীর চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে সরকার কারা প্রশাসনের প্রয়োজনে তার মেয়াদ এক বছর বাড়ায়।
উপ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সামসুল হায়দার ছিদ্দিকী অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তার সময়কালে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ শতাধিক রাজনীতিক কারাবন্দি হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসএনডি/২২৩১ ঘ.
bdnews24