ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন পরপরাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার চতলবাজার এলাকার শরীফ উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জ থানার পনাইরচক গ্রামের ললই মিয়া ও যশোরের কেশবপুর উপজেলার ওয়াদুদ।
শরীফ ও ললই মিয়া জেদ্দায় দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর ওয়াদুদ মারা যান রাবেগ শহরে।
পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নিহতদের লাশ যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর জন্য উপদেষ্টা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে নির্দেশ দিয়েছেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২০৪৬ঘ.
bdnews24