ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করে তরল রাসায়নিক বর্জ্য সরাসরি নিকটবর্তী খালে ফেলে পরিবেশ দূষণ ঘটানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা চালানোর অপরাধে ঢাকার অদূরে কয়েকটি কারখানা কর্মকর্তা ও কর্মচারীকে জরিমানা করেছে আদালত।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর, চন্দ্রা এলাকায় অবস্থিত বস্ত্র বুনন, বস্ত্র ডাইং, ও তৈরি পোষাক কারখানা গোমতী টেক্সটাইল লি. এর মালিক ও কর্মকর্তাসহ চারজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম ২০০৬ সালের একটি পরিবেশ মামলায় এ রায় ঘোষণা করেন।
গোমতী টেক্সটাইল লি. এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলায় বলা হয়, কারখানাটিতে ১৯৯৬ সাল থেকে কোন তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন না করে কাজ পরিচালনা করা হচ্ছিল।
এ কাজের জন্য ওই কারখানা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর থেকে আইন অনুসারে কোন ছাড়পত্রও গ্রহণ করেনি যা পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ।
বিচার চলাকালে অভিযুক্ত মালিক ও কর্মকর্তা সৈয়দ আহমেদ, মো. রফিকুল ইসলাম, এবিএম কাওসার আহমেদ ও মাজাহার উদ্দিন দোষ স্বীকার করে ভবিষ্যতে এধরনের অপরাধ আর না করার অঙ্গীকার করলে আদালত নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রত্যেককে বারো হাজার টাকার অর্থ দণ্ডে অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
২০০৮ সালে এ পর্যন্ত এ পরিবেশ আদালত থেকে মাত্র ১০ টি দূষণকারী কারখানা মালিক ও কর্মকর্তা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। তবে এলাকাবাসী ও পরিবেশবাদীরা বহু কারখানার বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন দূষণের অভিযোগ করে থাকেন।
গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় নির্বিচার দূষণের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি হয়েছে। অনেক কারখানাই উচ্চ ব্যয়ের কথা বলে ইটিপি সংযুক্ত করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৪০ঘ.
bdnews24