সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর টিলাগড়ে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র পরিদর্শক মো. শামীম উর রশীদ পীর সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
২০০৫ সালের ২ ডিসেম্বর সন্ধ্যার পর টিলাগড়ে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র কামরানকে লক্ষ্য করে দু'টি আর্জেস গ্রেনেড ছোড়া হয়। গ্রেনেড দু'টি বিস্ফোরিত না হওয়ায় মেয়র কামরান বেঁেচ যান।
হাকিম রফিকুল আলম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পরিদর্শক কানন কুমার দেবনাথ।
তিনি বলেন, অভিযোগপত্রে হুজি প্রধান মুফতি হান্নান ছাড়াও মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, মফিজুর রহমান অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, দেলওয়ার হোসেন রিপন, হুমায়ুন কবির হিমু ও ফখরুল ইসলাম ফাহিমকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে হুমায়ুন কবির হিমু ও ফখরুল ইসলাম ফাহিম ছাড়া অন্য সবাই কারাগারে রয়েছেন।
মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমানিত না হওয়ায় বাদল মিয়া, কবির হোসেন, আবদুল কাইয়ুম, বদরুল আলম মিজান ও হাফেজ নাইম উদ্দিন আরিফকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া আহসান উল্লাহ আহসান নামের একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কামরানকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ার ঘটনায় সিলেট কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মজিদ মামলাটি করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন কোতয়ালি থানার উপ পরিদর্শক ওয়ালীউল্লাহ। এরপর আরও সাতজনকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলেও কেউই মামলার তদন্ত কাজ শেষ করতে পারেননি।
সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে শামীম উর রশীদ পীর অভিযোগপত্র দিলেন।
অভিযোগপত্র দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ধারাবাহিকতায় আমার উপর দু'বার গ্রেনেড ছোড়া হয়েছিল। আরও দ্রুত অভিযোগপত্র দাখিল করা উচিত ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.
bdnews24