২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে: ট্রুথ কমিশন

বিগত জোট সরকারের পাঁচ বছরে তুলনামূলকভাবে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করছে 'ট্রুথ কমিশন'। সত্য ও জবাবদিহিতা কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিগত জোট সরকারের পাঁচ বছরে তুলনামূলকভাবে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করছে 'ট্রুথ কমিশন'। সত্য ও জবাবদিহিতা কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, "আমরা দুর্নীতি রোধে ট্রুথ কমিশনে কাজ করতে গিয়ে জানতে পেরেছি, বিগত জোট সরকারের পাঁচ বছরে তুলনামূলকভাবে বেশি দুর্নীতি হয়েছে। আমাদের তদন্তে দেখা গেছে যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেশি দুর্নীতিপরায়ণ।" চেয়ারম্যান জানান, কমিশনে এ পর্যন্ত ৩৩৭ জন অনুকম্পা চেয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে ২৬৫ জন সরকারি চাকুরিজীবী, মাত্র একজন রাজনীতিবিদ, ১৪ জন ব্যবসায়ী, সরকারি চাকুরের স্ত্রী ৩১ জন ও অন্যান্য ১৬ জন। তিনি বলেন, "আমরা জানতে পেরেছি দুদক থেকে আরও ৩৮ জনের মামলা আমাদের কাছে আসছে, যারা দুদকের মাধ্যমে অনুকম্পা চেয়ে আবেদন করেছেন।" অনুকম্পা চাওয়া ৩৩৭ জনের মধ্যে সরাসরি কমিশনে গিয়েছেন ১৯জন, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে গিয়েছেন ১৪১জন, গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (এনসিসি) থেকে গিয়েছেন ১৬৭ জন আর আদালতের মাধ্যমে গিয়েছেন ১০জন। মোট ৩৩৭ জনের মধ্যে ২৩১ জনের শুনানি শেষ হয়েছে এবং এ পর্যন্ত ৮২ জনকে 'মার্জনাপত্র' দেওয়া হয়েছে। সরকারি কোষাগারে ইতোমধ্যে জমা পড়েছে ১৩ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা। মোট ২৬ কোটি ১ লাখ ১৬ টাকা জমা পড়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে হাবিবুর রহমান খান বলেন, "বাকিরাও খুব দ্রুত টাকা জমা দিয়ে দেবেন।" তিনি বলেন, "এ পর্যন্ত উচ্চ পর্যায়ের ১৭ জন সরকারি কর্মকর্তাকে নোটিশ দিয়ে তাদের বক্তব্য দিতে বলেছে কমিশন। যে ২৩১ জনের শুনানি শেষ হয়েছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই ১৭ জনকে তাদের বক্তব্য প্রদানের নোটিশ দেয় কমিশন।" তিনি জানান, এই ১৭জনের মধ্যে ১১জন এসে তাদের বক্তব্য দিয়েছেন। এই ১১ জনের মধ্যে আটজনই বিটিসিএল কর্মকর্তা। এদের মধ্যে দুইজন অনুকম্পা চেয়ে আবেদনও করেছেন। ট্রুথ কমিশনের মেয়াদ সম্পর্কে বিচারপতি খান বলেন, "অনুকম্পা চাওয়ার সময় আর বাড়ানো হবে না। তবে কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকার যদি মেয়াদ বাড়ায় তাহলে আমরা কাজ করে যাবো। এমনিতে কমিশনের মেয়াদ রয়েছে ২০০৯ এর জানুয়ারি পর্যন্ত।" গত ২৯ অক্টোবর অনুকম্পা চাওয়ার সময়সীমা ১৫ দিন বাড়ায় কমিশন। আগের সময়সীমা নির্ধারিত ছিলো ৩১ অক্টোবর পর্যন্ত। তিনি বলেন, "দুর্নীতি দমন বা প্রতিরোধ করতে হলে আইনী প্রক্রিয়া কঠোরভাবে চালাতে হবে ও তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করতে হবে। দুর্নীতির বিষয়ে তদন্তকারী সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করা দরকার। তাহলেই ট্রুথ কমিশনের কাজের গতি বাড়বে।" ব্রিফিংয়ে ট্রুথ কমিশন সদস্য আসিফ আলীও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২০১১ঘ.