২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হত্যা মামলায় এক জনের ফাঁসির আদেশ

ঝিনাইদহে চাতাল শ্রমিক পাপিয়া খাতুনকে হত্যার দায়ে এক জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে চাতাল শ্রমিক পাপিয়া খাতুনকে হত্যার দায়ে এক জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঝিনাইদহ জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রোকেয়া বেগম এ দণ্ডাদেশ দেন। ফাঁসির আদেশপ্রাপ্ত মনির হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামের আফতাব মণ্ডলের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- মনিরের ভাই ইসমাইল এবং একই গ্রামের আজিবর মুন্সির ছেলে শুকুর আলী ও সাবদারের ছেলে আদিল। আদালত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানার টাকা দিলে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। রায়ের সময় মনির ও ইসমাইল আদালতে হাজির ছিল। আদিল ও শুকুর পলাতক। মামলার অপর তিন তিন আসামি শরিফুল, রবজেল ও জহুরুলকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়ার আব্দুস সাত্তারের চাতালে মনির হোসেন ও পাপিয়া খাতুন কাজ করতো। একই চাতালে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে পাপিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পাপিয়া মনিরকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু মনির বিয়ে করতে রাজি হয়নি। ২০০১ সালের ২৭ জুন রাতে মনির পাপিয়াকে ডেকে নিয়ে যায় এবং ওই রাতেই সে ও অন্যান্য আসামিরা মিলে পাপিয়াকে হত্যা করে গ্রামের একটি খালের মধ্যে লাশ পুতে রাখে। এর চার দিন পর ১ জুলাই পাপিয়ার লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। লাশের ময়না তদন্তের পর ১৪ সেপ্টেম্বর হরিণাকুণ্ডু থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদুল হক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১১ ঘ.