ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মিয়ানমারের তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাতে মিয়ানমার রওনা হয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
রাত ১১টা ৫৫ মিনিটের সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়েন। অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলিজা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানান।
সাচিবের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমডোর এম খুরশেদ আলম ও কমোডর মো. হাবিবুর রহমান ভূঁইয়া।
ঢাকা ছাড়ার আগে তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিয়ানমারের পররাষ্ট্র সচিব ও সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করবো। সাগরে অনুসন্ধান কাজ বন্ধ ও অবকাঠামো সরিয়ে নেওয়ার ব্যাপারে ঢাকার বক্তব্য তাদের জানাবো।"
গত সপ্তাহে সাগরের বাংলাদেশ জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করে মিয়ানমার।
এর আগে একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ সাংবাদিকদের জানান, বর্তমান সঙ্কট মীমাংসার ব্যাপারে আলোচনা করবে প্রতিনিধি দল।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বঙ্গোপসাগরের (৬০ নটিক্যাল মাইল) বিতর্কিত এলাকায় প্রাকৃতিক গ্যাসের বড় ধরনের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। দুদেশই ওই এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করছে।
স
bdnews24