ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিদ্যুৎ কেন্দ্র ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত ও পুর্নবাসন করে যৌথ (সরকারি-বেসরকারি) উদ্যোগে পরিচালনা করার পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সচিব বলেন, "সরকারি-বেসরকারি অংশীদারিত্বের যে নীতিমালা তৈরি করা হচ্ছে তাতে বলা আছে, যেসব বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস চাহিদা বেড়েছে, ঘনঘন বন্ধ হয় এবং উৎপাদন কমেছে সেগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত ও পুনর্বাসন করে যৌথ উদ্যোগে পরিচালনা করা হবে। সরকার এ নীতি অনুমোদন করলেই এ দুটি বিদ্যুৎ কেন্দ্র ওই নীতিমালার আওতায় মেরামত ও পরিচালনা করা হবে।"
বিদ্যুৎ বিভাগ জানায়, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট দুটির পুনর্বাসন ও আধুনিকায়নের কাজ চলছে। রোববারের বৈঠকে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
সচিব জানান, বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে নীতিমালা প্রনয়ণের কাজ শেষ করছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, মেরামত ও পুনর্বাসনের পর সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এসব কেন্দ্র পরিচালনা করা হবে। সরকার এক্ষেত্রে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দেবে।
অনুমোদনের জন্য নীতিমালাটি শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
দেশের বেশ কিছু বিদুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কমে গেছে। অনেক দিনের পুরনো এসব বিদ্যুৎ কেন্দ্র ঘন ঘন বন্ধ হয়ে যায়। পুরানো বলে এসব কেন্দ্রের জ্বালানি চাহিদাও বেড়ে গেছে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/১১৩৫ঘ.
bdnews24