২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নেশাদ্রব্য খেয়ে আরও একজনের মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় নেশাদ্রব্য খেয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে সাব রেজিষ্ট্রার অফিসের কর্মচারি আব্দুল মান্নানকে (৪৮) অসুস্থ্য অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

নওগাঁ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রাণীনগর উপজেলায় নেশাদ্রব্য খেয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে সাব রেজিষ্ট্রার অফিসের কর্মচারি আব্দুল মান্নানকে (৪৮) অসুস্থ্য অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার বগুড়ার আদমদিঘী স্বাস্থ্য কেন্দ্রে মারা গেছেন রাণীনগর উপজেলার গুটনিয়া গ্রামের নগেন্দ্রনাথের ছেলে ভজো (৩২) ও সূর্যপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন (৩৪)। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়া, নওগাঁ ও পিরোজপুরে নেশাজাতীয় তরল পান করে দুই স্কুলশিক্ষকসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় রেক্টিফাইড স্পিরিট পান করে একজন স্কুলশিক্ষকসহ মারা গেছেন ১৭ জন। পিরোজপুরে একজন স্কুলশিক্ষকসহ তিনজন মারা গেছেন। তবে তারা কী ধরণের তরল পান বা খাবার খেয়েছিল সেটা জানা যায়নি। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত ডুবা শাহ'র ছেলে আব্দুল মান্নান সোমবার বিকেলে মদ পান করেন। এর পর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। মঙ্গলবার পারিবারিক গোরস্থানে মান্নানের লাশ দাফন করা হয় বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.