পঞ্চগড়, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে মঙ্গলবার ভোররাতে ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতের নাম আনোয়ার হোসেন আলম (৩০)। তার বাড়ি বড়শীশ ইউনিয়নের নূরপাড়া গ্রামে।
পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরপাড়া গ্রামের আলমসহ ছয় বাংলাদেশি মঙ্গলবার ভোররাতে বড়শশী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
ভারতের জলপাইগুড়ি জেলার শাসপাড়া গ্রামের লোকজন তাদের চোর সন্দেহে আটকের চেষ্টা করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আলমসহ দুজনকে আটক করে গণপিটুনি দেয় তারা। ঘটনাস্থলেই আলম মারা যান। আরেকজনের কোন খোঁজ পাওয়া যায়নি।
বিডিআর কর্মকর্তা জানান, দুই বাংলাদেশির অবস্থা জানতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24