২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেলহত্যা দিবস পালিত

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও জেল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবির মধ্য দিয়ে রাজশাহীতে সোমবার পালিত হল জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার ভোরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অর্ধনমিত রাখা হয় দলীয় পতাকা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

রাজশাহী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম) - জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও জেল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবির মধ্য দিয়ে রাজশাহীতে সোমবার পালিত হল জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার ভোরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অর্ধনমিত রাখা হয় দলীয় পতাকা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সকাল সাড়ে ৮টায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর ও জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, শহীদ কামারুজ্জামান স্মৃতি ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পুষ্প অর্পণের পর ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে সমবেত জনতার উদ্দেশে মেয়র লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের স্মৃতি ও সমাধি রক্ষায় রাষ্ট্রীয়ভাবে আজও কিছুই করা হয়নি।" রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার গেট থেকে কামারুজ্জামানের নামফলক ২০০১ সালে অপসারণ করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া জেলহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, "বিগত সময়ে বঙ্গবন্ধুসহ শহীদ জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে খালাস দেওয়া হয়েছে।" তিনি ৩ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণার দাবি জানান। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলী সদস্য অধ্যাপক আবদুল খালেক, প্রবীণ আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রমুখ। সভায় আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সকল মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তি দাবি করেন। দুপুরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়, বায়া এতিমখানাসহ নগরীর একাধিক স্থানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন মেয়র লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.