ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় জামিন পেয়েই বাদীকে হত্যার হুমকি দিতে শুরু করেছেন- এমন অভিযোগ উঠেছে র্যাব-২ এর উপপরিদর্শক মোখলেসুর রহমানের বিরুদ্ধে। বাদীর আইনজীবীদের দাবি, দ্রুতবিচার আইনের এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও আদালত নিয়মের ব্যতিক্রম করে মোখলেসকে জামিন দিয়েছে।
ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক গত ১৬ অক্টোবর অভিযুক্ত মোখলেসকে জামিন দেন।
গুলশানের নিকেতন এলাকার মেসার্স অ্যালাইড করপোরেশনের সত্ত্বাধিকারী মো. মোহাইমেনুল আহসান গত ১২ সেপ্টেম্বর উপ-পরিদর্শক মোখলেস এবং তার 'সহযোগী' মো. আবু মুসা ওরফে রক্সিকে আসামি করে একটি মামলা করেন।
দ্রুতবিচার আইনে গুলশান থানায় দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়, আসামিরা ৯ সেপ্টেম্বর রাতে বাদীর অফিসে গিয়ে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী তাদের চ্যালেঞ্জ করলে মোখলেস পরিচয়পত্র দেখান। বাদীকে ২ লাখ টাকা দেওয়ার জন্য পরদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সময় দিয়ে আসামিরা চলে যায়।
এরপর মোহাইমেন বিষয়টি র্যাব-১ এর মেজর সাইফকে জানান। সাইফের পরামর্শে আসামিদের সঙ্গে কথা বলে ১১ সেপ্টেম্বর টাকা পরিশোধের দিন নির্ধারণ করেন তিনি।
১১ সেপ্টেম্বর আসামি আবু মুসা একটি মোটরসাইকেল চালিয়ে এবং মোখলেস র্যাব-২ এর একটি পিকআপে করে বিকেল ৪টায় বাদীর অফিসে যান। মুসা বাদীর অফিস কক্ষে ঢোকেন এবং মোখলেস নিচে গাড়িতে বসে বাদীকে মোবাইল ফোনে বলেন, "মুসাকে তাড়াতাড়ি বিদায় করুন।"
অভিযোগে বলা হয়, এ সময় ওৎ পেতে থাকা র্যাব-১ এর দুই কর্মকর্তা মুসাকে আটক করেন; তবে মোখলেস পালিয়ে যান।
মামলা দায়েরের পর গত ২৯ সেপ্টেম্বর মুসা ও মোখলেসের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গুলশান থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান।
এতে বলা হয়, 'পুলিশ ও র্যাবের জিজ্ঞাসাবাদে মুসা পুরো ঘটনা স্বীকার করেছেন। র্যাব-২ এর কর্মকর্তা মেজর মঞ্জুরুল বাশার ঘটনার পর অভিযোগ জানতে পেরে মোখলেসকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে মোখলেসও তার কছে অভিযোগ স্বীকার করেন।'
এই অভিযোগপত্রের পরও আদালত ৮ অক্টোবর মুসাকে জামিন দেয়। আর মোখলেস ১৬ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
হাকিম তার জামিন আদেশে বলেন, "মোখলেসুর রহমানের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়ের কোনো অভিযোগ নেই, চাঁদাবাজিতে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ দ্রুত বিচার আইনের ৫ ধারায় অভিযোগপত্রভুক্ত করা হয়নি। আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছে বিবেচনায় তার জামিন মঞ্জুর করা গেল।"
এরপর মামলাটি মহানগর হাকিম শাহেদ কবিরের আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়। এদিকে জামিন পেয়েই মোখলেস বাদী মোহাইমেনুল ও তার পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে বলে তারা অভিযোগ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে বাদী গত ২২ অক্টোবর আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।
মোহাইমেনের আইনজীবী আব্দুল গোফরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিরা সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও ভক্ষকের ভূমিকা পালন করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায়ও একই রকমের অভিযোগে মামলা রয়েছে। তদন্ত শেষে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও আদলত তাদের জামিন দিয়ে দেয়। অভিযোগপত্র হওয়ার পর এ রকম জামিন আমি পেশাগত জীবনে দ্বিতীয়টি দেখিনি।"
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিন আদালতের নিজস্ব ক্ষমতার বিষয় হলেও, তা হতে হবে যথাযথ বিচারিক এখতিয়ারভুক্ত। অভিযোগপত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও এ রকম জামিন দেওয়া অস্বাভাবিক এবং নিয়মের ব্যতিক্রম।"
ফৌজদারি মামলায় অভিজ্ঞ আইনজীবী আমিনুল গনি টিটো বলেন, "অনেক সময় ৫৪ ধারাতেও আদালত জামিন দেয় না। অথচ এ মামলায় জামিন দেওয়া হয়েছে। এটি অত্যন্ত অস্বাভাবিক।"
আগামী ৬ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২১৪৯ঘ.
bdnews24