ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সবদলের অংশগ্রহণে আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হবে বলে প্রত্যাশা করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে নির্বাচনের প্রচারণার জন্য জরুরি অবস্থা পর্যায়ক্রমে শিথিল করার উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছে তারা।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, এটি ছিল খালেদা জিয়ার সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাত। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে ব্রিটিশ হাই কমিশনার তার সঙ্গে মত বিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘণ্টাব্যাপী এই সাক্ষাত অনুষ্ঠান হয়। এতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সমন্বয়কারী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে ব্রিটিশ হাই কমিশনার বলেন, "১৮ ডিসেম্বর বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সবদলের অংশগ্রহণে নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ব্রিটিশ সরকার। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবো।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনী প্রচারণার জন্য জরুরি অবস্থা পর্যায়ক্রমে শিথিল করার সরকারের উদ্যোগকে যুক্তরাজ্য ইতিবাচক হিসেবে দেখছে।
পরে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এই দুই দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের বিষয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ব্রিটিশ হ্ইাকমিশনারের সঙ্গে বিশদ আলোচনা করেছেন।"
নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, "নিজের দেশের নির্বাচনের বিষয়ে আমরা বিদেশী কূটনৈতিকের কাছে কোনও কিছু বলিনি। যা কিছু দাবি সেটা সরকারের কাছেই দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জিএনএ/২০৩৮ ঘ.
bdnews24