২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ তম বিসিএসে উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দাবি, চলছে অনশনও

২৭ তম বিসিএসে চূড়ান্ত ভাবে (দ্বিতীয়বার) উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে, প্রথমবারের ফলাফল বহালের দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের অনশন তৃতীয়দিনের মতো চলেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিসিএসে দ্বিতীয় ফলাফলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এক সংবাদ সম্মেলন থেকে দ্বিতীয় ফলাফল নিয়ে কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যকে অসত্য দাবি করে এর নিন্দা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএসে চূড়ান্ত ভাবে (দ্বিতীয়বার) উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে, প্রথমবারের ফলাফল বহালের দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের অনশন তৃতীয়দিনের মতো চলেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিসিএসে দ্বিতীয় ফলাফলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এক সংবাদ সম্মেলন থেকে দ্বিতীয় ফলাফল নিয়ে কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যকে অসত্য দাবি করে এর নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দ্বিতীয় বার পররাষ্ট্র ক্যাডারে দ্বিতীয় হওয়া মো. আল আলেমুল ইমাম। লিখিত বক্তব্যে বলা হয়, "প্রথম ও দ্বিতীয় ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যায়, দু' ফলাফল থেকেই ৭৬ শতাংশ প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ফলাফলে মাত্র ২৪ শতাংশ নতুনভাবে নির্বাচিত হয়েছেন।" এতে আরো বলা হয়, প্রথম ফলাফলে যারা পররাষ্ট্র, প্রশাসন এবং কর ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে মেধা তালিকায় ছিলেন তারা দ্বিতীয় ফলাফলেও মেধা তালিকায় রয়েছেন। পররাষ্ট্র ক্যাডারে প্রথম ফলাফলে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা ব্যক্তিরা দ্বিতীয় ফলাফলে প্রথম, ষষ্ঠ এবং দ্বিতীয় স্থান লাভ করেছে। দু'একটি ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিটি ক্যাডারেই মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীরাই রয়েছেন। লিখিত বক্তব্যে আরো বলা হয়, প্রথম ফলাফলে যারা বিভিন্ন কোটা, মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় নির্বাাচিত হয়েছিলেন তাদের সবাই বাদ পড়েছেন এটি সত্য নয়। বরং দ্বিতীয় ফলাফলে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় আরো বেশী নির্বাচিত হয়েছে। প্রথম ফলাফলে মুক্তিযোদ্ধা কোটায় ২৩০ জনের চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু, দ্বিতীয় ফলাফলে ৩৩১ জন মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ফলাফলে দু'বারই প্রশাসন ক্যাডারে নির্বাচিত তাহমিনা জাকারিয়া বলেন, "বিসিএস'র মতো একটি প্রতিযোগীতামূলক পরীক্ষার এতোগুলো ধাপ পেরিয়ে এসেছি। এরপরও যদি শুনতে হয় রাজাকারের সন্তান, এর চেয়ে বড় অপমান আর হতে পারে না।" স্বাস্থ্য ক্যাডারে নির্বাচিত হওয়া পলাশ কান্তি মিস্ত্রী বলেন, "আমি প্রথম বারেও নির্বাচিত হয়েছি। কিন্তু, তখন রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এখন আবার বিসিএস নিয়ে যেসব তর্ক উঠছে তা মানা যায় না।" এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফলাফল বহাল রাখার পক্ষে আন্দোলনকারীদের আমরণ অনশন কর্মসূচি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে নেওয়া নিয়ে কয়েকজন চিকিৎসককে 'নাটক' শব্দটি উচ্চারণ করতে শোনেন। ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে তা শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট রিট খারিজ করে দেয়। এতে করে ফল প্রকাশের পথে সব বাধা দুর হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন কেবল বাকি নিয়োগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/২০৩২ ঘ.