ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ে সম্পদ হিসাব দাখিল না করায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র সাবেক সাংসদ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদকের প্রসিকিউটিং বিভাগে এ অভিযোগপত্র দাখিল করেন উপসহকারী পরিচালক মো. আব্দুল কাদের জিলানী।
অভিযোগপত্রে বলা হয়, গত ২০০৭ সালের ১৫ নভেম্বরে দুদকে সম্পদ বিবরণী দাখিলের জন্য তৈমুরকে নির্দেশ দেওয়া হয়। হিসাব দাখিলের জন্য তাকে ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়।
সময় নির্দেশ সত্ত্বেও অভিযুক্ত তৈমুর দুর্নীতি দমন কমিশন বরাবরে স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণ দাখিল করেননি।
চলতি বছরের ৪ আগস্ট লালবাগ থানায় দুদক কর্মকর্তা কাদের জিলানী বাদি হয়ে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা করেন।
তৈমুর আলম খন্দকার বর্তমানে কারাগারে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। গত ২৫ আগস্ট এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তৈমুরের বিরুদ্ধে পল্টন থানায় একটি জালিয়াতির মামলা ও দুর্নীতির অভিযোগে আরও দুইটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসকে/২০১৫ঘ.
bdnews24