ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করেননি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলায় গত ১৯ অক্টোবর জামিন চাইতে হাইকোর্টে যান মুজাহিদ। কিন্তু হাইকোর্ট তার আবেদন নাকচ করে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। রোববার সে সময়সীমা অতিক্রান্ত হলেও আদালতে আসেননি মুজাহিদ।
সোমবার বিশেষ জজ আদালত- ২ এর বিচারক এ কে রায়ের আদালতে রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করে মুজাহিদ হাইকোর্টকে অবজ্ঞা করেছেন।
তবে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, মুজাহিদ এ মামলায় অন্তবর্তীকালীন জামিনের সময় আরও বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছেন। তাছাড়া তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতেরও আবেদন করা হয়েছে। রোববার এর ওপর আংশিক শুনানি হয়েছে। সোমবারও শুনানি হবে।
এ অবস্থায় বিচারক এ কে রায় হাইকোর্টের আদেশের অনুলিপি আগামী ১০ নভেম্বর আদালতে উপস্থাপনের জন্য মুজাহিদের আইনজীবীকে নির্দেশ দিয়ে সেদিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।
জামায়াত আমির মতিউর রহমান নিজামী ও সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মুজাহিদের বিরুদ্ধে আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গত ২২ অক্টোবর আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার আবেদনগুলোর ওপর বিচারক এ কে রায়ের আদালতে শুনানির দিন ছিল।
খনি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল আদালতে বলেন, "আলী আহসান মুজাহিদকে হাইকোর্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন। কিস্তু তিনি সে নির্দেশ অমান্য করেছেন, এর মধ্য দিয়ে আদালতকে অবজ্ঞা করা হয়েছে।"
অ্যাডভোকেট কাজল জামায়াতের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আদালতের কাছে আবেদন জানান।
মুজাহিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, "তিনি (মুজাহিদ) এ মামলায় অর্ন্তবর্তিকালীন জামিনের মেয়াদ আরও বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছেন। তাছাড়া মামলার কার্যক্রম স্থগিতেও আবেদন করা হয়েছে। এর শুনানি চলছে।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, "আসামি মুজাহিদ গত দুই সপ্তাহেও এ আদালতে আসেন নি। অথচ হাইকোর্ট স্পষ্টভাবে তাকে আত্মসর্মপন করার নির্দেশ দিয়েছেন। তাকে বলেননি আবারও হাইকোর্টে যেতে। "
বিচারক এ কে রায় বলেন, "এটা সাবজুডিশ ম্যাটার।"
বিচারকের এ বক্তব্যেও আপত্তি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
পরে বিচারক আগামী ১০ নভেম্বর এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের অনুলিপি আদালতে উপস্থাপন করতে আসামি পক্ষের আইনজীবীদের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার অপর আসামি নিজামী ও সাইফুর রহমানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। ওই বিষয়েও ১০ নভেম্বর সিদ্ধান্ত দেওয়া হবে বলে আদালত জানায়।
গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন খনি দুর্নীতি মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ৬ অক্টোবর আদালত আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। কিন্তু পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। যদিও ওই সময়ে মুজাহিদকে সরকারের সঙ্গে সংলাপসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়।
মুজাহিদ ১৯ অক্টোবর জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে যান। তবে হাইকোর্ট জামিন না দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/এসএনডি/১৭৪২ ঘ.
bdnews24