ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরে দেশে জিডিপির (মোট দেশজ উৎপাদন) লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে সংশয়ে রয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক গতিপ্রবাহ নিয়ে বিভ্রান্তিতে থাকা কেন্দ্রীয় ব্যাংক বলছে, সামনে কী ঘটতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
বিশ্ব পরিস্থিতির সঙ্কট অব্যাহত থাকলে জিডিপি ৬ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে বলে শঙ্কা রয়েছে ব্যাংকের। এবারের বাজেটে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে রোববার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী এ সংশয়ের কথা জানান।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতিতে সঙ্কট চলছে। এ সঙ্কট কতোদিন স্থায়ী হবে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের কাছে পুরো বিষয়টি এখনো অস্পষ্ট। কেন্দ্রীয় ব্যাংকের পলিসি এনালাইসিস ইউনিটের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান অবস্থায় জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে।"
মোস্তফা কে মুজেরী বলেন, "বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আমরা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সতকর্তামূলক পূর্বাভাস দিচ্ছি। এখনো বুঝতে পারছি না আসলে কী ঘটবে। আমাদের রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে কিনা- সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।"
তবে অক্টোবর-ডিসেম্বর মেয়াদের প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারনা দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কমায় আগামীতে দেশে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা জানালেও মোস্তফা কে মুজেরী বলেন, "তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে খরচ বা ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাজারে টাকার প্রবাহ বাড়তে পারে। ফলে মূল্যস্ফীতি আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।"
বোরো ও গমের বাম্পার ফলন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেশ কিছুদিন ধরে কমলেও স্থানীয় বাজারে আপাতত এর কোনো প্রভাব না পাড়ার বিষয়ে তিনি বলেন, "ব্যবসায়ীরা আগে যেসব পণ্য আমদানি করেছিলেন, এখনো সেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর এখন কম দামে পণ্য আমদানি করে ভবিষ্যতে বেশি লাভের আশায় মজুদ করছেন তারা। তবে এভবে বেশিদিন পণ্য মজুদ করে রাখা যাবে না। আমনের ফলন ভালো হলে এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে বাধ্য হয়ে তারা মজুদ করা পণ্য বাজারে ছাড়বেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/২২০০ ঘ.
bdnews24