ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মানুষের কঠিন জীবন সংগ্রামের প্রশংসা করে সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব। জাতিসংঘ জনগণের মধ্যে এই সহমর্মিতার সম্পর্ক বাড়াতে কাজ করছে।
সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চলের চর পানাগাড়ি গ্রামে রোববার সকালে সিডিএমপি প্রকল্পের আওতাধীন ঝুঁকিহ্রাস কর্মসূচির সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ের সময় জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন।
ইউএনডিপি, ডিএফআইডি ও ইউরোপীয় কমিশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বান কি মুন এরপর দুপুরে বগুড়ায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কাজীপুর উপজেলার পানাগাড়ি গ্রামে মতবিনিময়ের সময় জাতিসংঘ মহাসচিব বলেন, "২০১৫ সালের মধ্যে বাংলাদেশসহ সারাবিশ্বে দরিদ্রের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে শিশুমৃত্যুহার কমানো ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতেও আমরা কাজ করছি।"
বাংলাদেশের মানুষের জীবনসংগ্রামের প্রশংসা করে তিনি বলেন, "আপনাদের জীবনযাত্রা খুবই কঠিন। তারপরও আপনারা সংগ্রাম করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন- তা দেখে আমি অভিভূত। আমরা আপনাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে কাজ করছি। এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, আপনাদের পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ওপর।"
কাজীপুরের আটটি ইউনিয়নের ৮৬টি পরিবারকে নিয়ে ২০০৬ সালে সিডিএমপি প্রকল্পের কাজ শুরু হয়। এর আওতায় বসতবাড়ির ভিটা উঁচু করা, বন্যার সময়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, গবাদিপশু সরবরাহসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ থেকে বগুড়া যান জাতিসংঘ মহাসচিব।
বগুড়া প্রতিনিধি জানান, হেলিকপ্টারে বেলা সোয়া দুপুর ১২টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় আসেন বান কি মুন। সেখানে তিনি গ্রামীণ ব্যাংকের চুপিনগর ভূমিহীন মহিলা কেন্দ্র পরিদর্শন ও ৭৫ জন নারী ঋণগ্রহিতার সঙ্গে কথা বলেন।
গ্রামীণ ব্যাংকের সদস্যদের উদ্দেশে বান কি মুন বলেন, "গরিব দেশগুলোর খরা, বন্যা ও স্যানিটেশনের মতো যে সব সমস্যা সমাধানে জাতিসংঘ কর্মসূচি নেয়, আমি দেখছি এখানে আপনারা নিজেরাই সেসব সমস্যা সমাধান করছেন। আমি আপনাদের অভিজ্ঞতা শুনে বুঝতে পারছি কেন গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা ড. ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন।"
সন্তানদের শিক্ষিত করতে গ্রামীণ নারীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, "আপনাদের ছেলেমেয়েদের ভালো করে লেখাপড়া শেখাবেন। তাহলে তারাও তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবে।"
এ সময় ভূমিহীন মহিলা সমিতির সদস্য রাশেদা বেগম (২০) ও আছমা বেগম (১৮) ক্ষুদ্রঋণের মাধ্যমে তাদের সাফল্য বর্ণনা করেন। এছাড়া, গ্রামীণ ব্যাংক সদস্যদের সন্তানরা উচ্চশিক্ষা ঋণ নিয়ে কীভাবে সফল হয়েছে তার বর্ণনা দেন দিনাজপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী সাদিয়া আফরিন।
জাতিসংঘ মহাসচিব সেখানে তিনি হস্ত ও কুটির শিল্পের স্টল ঘুরে দেখেন। তার সফরসূচিতে গ্রামীণ ড্যানোন ফুড লিমিটেডের শক্তি দই কারখানা পরিদর্শনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাতিল করা হয় বলে জানান কর্মসূচির সমন্বয়ক গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক খান শাহজাহান আলী।
বান কি মুনের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক দেসালিয়ন তার সঙ্গে ছিলেন।
দুদিনের সফরে বান কি মুন শনিবার বাংলাদেশে আসেন। বাংলাদেশ সফরকারী জাতিসংঘ মহাসচিবদের মধ্যে তিনি চতুর্থ।
এর আগে কুর্ট ওয়াল্ডহেইম, পেরেজ দ্য কুয়েলার এবং কফি আনান বাংলাদেশ সফরে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসএনডি/এমআই/১৭১৮ ঘ.
bdnews24