সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের শাহজাদপুরে নিম্নমানের দুধ সরবরাহ, দুধে রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে ব্র্যাক ও এ্যামো ডেইরি মিল্ক কোম্পানি ও স্থানীয় চার দুধ সরবরাহকারীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহমুদুল হকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এদের জরিমানা করে।
ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদুল হক সাংবাদিকদের জানান, শাহজাদপুরে ব্র্যাক ডেইরি ফার্মের দুধ সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থাপক আবুল বাশারকে ১২ হাজার টাকা, আরেকটি কেন্দ্রের ব্যবস্থাপক সজীব কুমারকে ১২ হাজার, বাঘাবাড়ীর এ্যামো ডেইরি মিল্ক এর দুধ সংগ্রহ কেন্দ্রের ব্যাবস্থাপক মোয়াজ্জেম হোসেনকে ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দুধ সরবরাহকারী ও ছানা উৎপাদক বাচ্চু মিঞাকে ৫০ হাজার, মানিককে ছয় হাজার, আব্দুর রশিদকে ৫০ হাজার এবং আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, বাঘাবাড়ী ও শাহজাদপুর অঞ্চলের এক শ্রেণীর দুধ সরবরাহকারী ও উৎপাদক প্রতিষ্ঠান অতিরিক্ত লাভের আশায় দীর্ঘদিন ধরে দুধে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে আসছিল।
শুধু তাই নয়, ছানা বিক্রির পর ছানার পানিতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে দুধ সরবরাহকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয় বলে মাহমুদুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24