চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেয়ার পরও দেশে করদাতাদের বড় একটি অংশ আয়কর রিটার্ন জমা না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
শনিবার তিনি বলেছেন, "যে দেশে অন্তত চার কোটি মানুষ প্রতি মাসে মোবাইল ফোনের বিল বাবাদ ২০ কোটি ডলার খরচ করে, সে দেশে কর শনাক্তকরণ নম্বরধারী লোকের সংখ্যা মাত্র মাত্র ২২ থেকে ২৩ লাখ। এই ২২-২৩ লাখ লোকের মধ্যে মাত্র সাড়ে ছয় লাখ আয়কর রিটার্ন জমা দেন। এটা হতাশজনক।"
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে করদাতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
বিভাগ 'দেশের বড় ও মাঝারি শহরে নতুন করদাতা সনাক্তকরণ এবং কর কর্মকর্তাদের আত্মবিশ্লেষণ' কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর এ মতবিনিময় সভার আয়োজন করে।
এনবিআরের এ কর্মসূচি পর্যায়ক্রমে আরও পাঁচটি বিভাগীয় শহরে চালানো হবে বলে মজিদ জানান।
তিনি বলেন, "এ প্রক্রিয়ায় যারা স্বেচ্ছায় কর দিতে এগিয়ে আসবেন, প্রথম তিন বছর তাদের আয় নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। ছয়টি বিভাগীয় শহরের সেরা করদাতাদের পাশাপাশি ৬৪ জেলার সেরা করদাতাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।"
এনবিআর চেয়ারম্যান বলেন, "বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমাতে হলে অভ্যন্তরীণ সম্পদ থেকে আয়ের পরিমাণ ৭০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০ হাজার কোটি টাকা করতে হবে। কর প্রদানে সক্ষম ব্যক্তিদের উদ্বুদ্ধ করতে নতুন নতুন কর্মসূচি নেওয়া হবে।"
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ বর্তমান কর কাঠামোকে 'অবাস্তব' আখ্যায়িত করে এতে সামঞ্জস্য আনার জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহবান জানান।
তিনি বলেন, "নিয়মনীতি বজায় রেখে ব্যবসা করে কারও পক্ষে পাঁচ শতাংশের বেশি আয় করা কঠিন। অথচ আমাদের টার্নওভারের চার শতাংশ কর দিতে হচ্ছে। এটি বাস্তব সম্মত নয়।"
চট্টগ্রাম শুল্ক বিভাগের কমিশনার (আমদানি) শাহ আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এনবিআরের সদস্য মোহাম্মদ আলী, সদস্য খোরশেদ আলম, কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক, ব্যবসায়ী ননী গোপাল সাহা, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ সালাম ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে ২১০০ করদাতা আয়কর রিটার্ন জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২১০৫ ঘ.
bdnews24