নোয়াখালী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করে ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্ম (ইউপিআর) এর সমন্বয়ক আ স ম আবদুর রব বলেছেন, এ ভূত তাড়াতে হবে।
তিনি বলেন, "সরকারের একেক উপদেষ্টা একেক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন।"
শনিবার বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রব এ কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-জিকু) এর উপদেষ্টা রব বলেন, "কারও হুমকিতে মাথা নত না করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সত্যিকার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।"
তিনি বলেন, "একটি মহল সুবিধা আদায়ের জন্য সরকারকে চাপের মুখে রেখে নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার পাঁয়তারা করছে। আরেকটি মহল আইন কানুনের তোয়াক্কা না করে সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণের অনৈতিক সুবিধা আদায় করে নিতে চাচ্ছে।"
তারা জনগণের অধিকারের কথা না বলে শুধু নিজেদের ব্যক্তিগত ও দলীয় অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে বলেও রব মন্তব্য করেন।
নোয়াখালী জেলা জাসদের (জিকু) সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহসভাপতি নুরুল আমিন ভুঁঞা, জেলা জাসদের কার্যকরী সভাপতি আবু ছায়েদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাওসার নিয়াজী, মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24