২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দাবি ব্যক্তিগত হতাশার প্রকাশ: হোসেন জিল্লুর

নির্বাচন কমিশনের পদত্যাগ ও পুনর্গঠনে বিএনপি প্রধান খালেদা জিয়ার দাবিকে 'ব্যক্তিগত হতাশার প্রকাশ' বলে মনে করছেন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের পদত্যাগ ও পুনর্গঠনে বিএনপি প্রধান খালেদা জিয়ার দাবিকে 'ব্যক্তিগত হতাশার প্রকাশ' বলে মনে করছেন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। খালেদা জিয়া শুক্রবার নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে এর পদত্যাগ দাবি করেন। একে 'একটি সমাধানযোগ্য সমস্যা' আখ্যা দিয়ে উপদেষ্টা বলেছেন, "কারো কারো ব্যক্তিগত হতাশা থেকে অভিযোগ করা হতে পারে, তবে তা আলাপ আলোচনার সমাধান করা হবে। এটি নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই ব্যাহত করবে না।" সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে শনিবার ভারতীয় বাণিজ্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, "দলগুলোর কথার দিকে নজর না দিয়ে আমার মনে হয় নির্বাচন কমিশন এ মুহূর্তে তফসিল ঘোষণার কথাই ভাবছে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। কারণ আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।" ব্যক্তিগত হতাশা থেকে কোনো অভিযোগ উঠলে তা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে না দবি করে জিল্লুর রহমান বলেন, "এসব সমাধানযোগ্য সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।" নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "আমরা আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। সেদিকেই আমরা নজর দিচ্ছি। কোনো সমস্যা এলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। যাতে জনগণকে আশ্বস্ত করা যায়।" ভারতীয় বাণিজ্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষীক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনে ত্রিপুরায় নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ কেনা, ভারতের উদীয়মান তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশী বিশেষজ্ঞ ও কর্মী নিয়োগের বিষয় আলোচনায় এসেছে।" তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর প্রক্রিয়া নিয়েও কথা হয়েছে। এরপরে বাংলাদেশ সফররত শ্রীলংকার রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী অধ্যাপক জিএল পেইরিস বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/জিএনএ/১৭৪৫ ঘ>