কুষ্টিয়া, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া ও বাগেরহাটে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত জসিম হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে জেলার বিশেষ দায়রা জজ দিদার আলী দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার হলুদবাড়িয়া গ্রামের রহিত মণ্ডলের ছেলে লিটন এবং শাহপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মিটন।
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক মহিলাকে জবাই করে হত্যার ঘটনায় করা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করীম একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
দণ্ডিত মোহাম্মদ আলী ওরফে শাকিল (২৮) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের ওমর আলী মোল্লার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, জসিম হত্যা মামলার আরেক আসামি ভেড়ামারা উপজেলার জগেশ্বর গ্রামের কবির হোসেন বেকসুর খালাস পেয়েছেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১৫ আগষ্ট রাতে দৌলতপুর উপজেলার হলুদবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে জসিমকে আসামিরা ভুরকাপাড়া মাঠে পরিকল্পিতভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মান্নাফ।
বাগেরহাট প্রতিনিধি জানান, মামলায় অপর আসামি রাবেয়া তাপসীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিনি দণ্ডিত শাকিলের বোন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
গত বছর ১৬ আগস্ট রাতে জেলার কচুয়া উপজেলার ধোপখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। তার ছেলেবউ রাবেয়ার ভাই শাকিল ওই সময় সেখানে ছিলেন।
ঘটনার পরদিন ভোরে শাকিল এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সৈয়দ আলী ব্যাপারী কচুয়া থানায় তার রাবেয়া ও শাকিলকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিল তার বোনের শাশুড়ি ফাতেমাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ওই বছর ১৭ সেপ্টেম্বর পুলিশ শাকিল ও রাবেয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24