ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাসায়নিক বর্জ্য ওয়াসার ড্রেনে ফেলার অভিযোগে তেজগাঁও শিল্প এলাকার এক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে চার মাসের কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম এ রায় দেন।
দণ্ডিতরা হলেন মর্ডান ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন ও ব্যবস্থাপক আহমেদ হোসেন। আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করলে বিচারক তাদের লঘু দণ্ড হিসাবে এই সাজা দেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ওই ডাইং কারখানা স্থাপন করা হয়েছিল।
এছাড়া দণ্ডিতদের তিন মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তা আদালতে দাখিল করার নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্তরা ১৯৮৭ সাল থেকে তেজগাঁওয়ের ওই কারখানায় ডাইং ,প্রিন্টিং ও ফিনিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। কারখানার রাসায়নিক রংমিশ্রিত তরল বর্জ্য পরিশোধনের জন্য এ পর্যন্ত কোনো বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়নি। ফলে বর্জ্য সরাসরি ওয়াসার ড্রেনে নির্গত হচ্ছে। ওই বর্জ্য ড্রেন উপচে রাস্তায় ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/১৯৫৭ঘ.
bdnews24