২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের ২১ ইউনিয়নে কর্মসৃজন'র কাজ বন্ধ, ডিসিকে প্রত্যাহারের দাবি

গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বৃহস্পতিবার থেকে কর্মসৃজন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

গোপালগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বৃহস্পতিবার থেকে কর্মসৃজন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। তারা জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে কর্মসূচি সংক্রান্ত জাতীয় নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উপজেলার ২১টি ইউনিয়নে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। একইসঙ্গে ইউপি চেয়ারম্যানরা জাতীয় নীতিমালার পরিপন্থী জেলা প্রশাসকের বিভিন্ন নির্দেশনা প্রত্যাহারেরও দাবি জানান। এসব দাবি পূরণ না হলে সরকার ঘোষিত ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ করবেন না বলে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন তারা। এ বিষয়ে জেলা প্রশাসক এসএম আশফাক হুসেনের যোগযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি টাকার অধিকতর সঠিক ব্যবহার নিশ্চিত করা জন্য একটি চিঠির মাধ্যমে কর্মসৃজন প্রকল্পের কাজের ব্যাপারে তিনি ইউপি চেয়ারম্যানদের শুধু পরামর্শ দিয়েছেন। এটা কোন আদেশ ছিল না। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিঠিতে দেওয়া পরামর্শ কীভাবে উপস্থাপন করেছেন সেটা তার ব্যাপার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুমুর রহমান বলেন, একই চিঠি সব উপজেলায় গেছে। এই চিঠির আলোকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা একইভাবে কাজ করেছেন। তিনি বলেন, চিঠির ভাষা বোঝা না বোঝা নিয়ে কোন বিষয় থাকলে জেলা প্রশাসকের সঙ্গে তিনি কথা বলবেন। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন- জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান হরপ। লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের এ কর্মসূচিকে 'সাবোটাজ' করার জন্যই জেলা প্রশাসক জাতীয় নীতিমালার বাইরে নিজের মনগড়া কিছু নিয়ম-নীতি মানতে ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যানদের বাধ্য করছেন। সংবাদ সম্মেলনে সদর উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা জানান, জাতীয় নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউপি সদস্য অথবা চেয়ারম্যানকে প্রকল্প চেয়ারম্যন করে শিক্ষক, সমাজকর্মী, ইমামসহ পাঁচ সদস্যের একটি কমিটির মাধ্যমে কর্মসৃজন কর্মসূচি সম্পন্ন করার কথা। সে অনুযায়ী এ মাসের প্রথম সপ্তাহ থেকে গোপালগঞ্জে কাজ শুরু হয়। কিন্তু জেলা প্রশাসক গত ২১ অক্টোবর এক উপ-আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে (নম্বর-জেপ্রগো/গোপনীয়/৩২৭) সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কর্মসৃজন কর্মসূচি তদারকের জন্য ইউপি চেয়ারম্যান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, প্রকল্প চেয়ারম্যান (সংশ্লিষ্ট ইউপি সদস্য) ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে সদস্য করে নতুন একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যানরা দাবি করেন, এর ফলে নির্বাচনে হেরে যাওয়া ওই প্রতিদ্বন্দ্বীরা এই কমিটির মাধ্যমে তাদের হেনস্থা করার সুযোগ পাবেন। সুষ্ঠভাবে কাজ সম্পন্ন হলেও নানান বাহানায় মিথ্যা অভিযোগ তুলবেন। দাবি প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদুর রহমান হরপ বলেন, "জেলা প্রশাসক তার আদেশ প্রত্যাহার করলে তাকে প্রত্যাহারের দাবি থেকে সরে আসবেন চেয়ারম্যানরা। নতুবা আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯০১ ঘ.