চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি অস্ত্র মামলার আলাদা রায়ে চট্টগ্রামে একজনকে যাবজ্জীবন ও ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সাজার মেয়াদ একইসঙ্গে কার্যকর হবে।
চট্টগ্রামে বিশেষ আদালত- ৮ এর বিচারক মশিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি মো. শাহীনের বাড়ি ফটিকছড়ি উপজেলার শাহা নগর এলাকায়।
একটি মামলায় অস্ত্র ও গুলি রাখার দায়ে তাকে যাবজ্জীবন ও সাত বছর এবং আরেক মামলায় অস্ত্র রাখার অপরাধে ১৪ বছর সাজা দেওয়া হয়।
সহকারী পাবলিক প্রসিকিউটর এফ এম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক একটি মামলায় এম-১৬ রাইফেলের জন্য অস্ত্র আইনে শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গুলি রাখার দায়ে সাত বছরের দণ্ড দেন। অন্য একটি মামলায় দুটি দেশী বন্দুক রাখার দায়ে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অভিযোগ বলা হয়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকায় নিজ বাড়ি থেকে র্যাব সদস্যরা শাহীনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুসারে ওই বাড়ি থেকে একটি এম- ১৬ রাইফেল ও নয়টি গুলি এবং পাশের এক বাড়ির খড়ের গাদা থেকে দুটি দেশী বন্দুক উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ফটিকছড়ি থানায় দুটি মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এসকে/১৯০১ঘ.
bdnews24