নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে আলোচিত এসিড নিক্ষেপের মামলায় আমির হোসেন (৩৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত আমির হোসেন আড়াইহাজার উপজেলার বাসিন্দা।
আগামী ৯০ দিনের মধ্যে তাকে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা পরিশোধ করার জন্য রায়ে বলা হয়।
২০০৪ সালের ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সত্যবান্ধী গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে হাসিনা আক্তারকে (১৭) এসিড নিক্ষেপ করে ওই বাড়ির কর্মী আমির হোসেন।
এতে হাসিনার মুখ এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ঘটনার পরদিন হাসিনার বাবা তাহের মিয়া আড়াইহাজার থানায় একটি মামলা করেন।
তিন বছর পর ২০০৭ সালের ৯ মার্চ চট্টগ্রামের সাতকানিয়া থেকে আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার রায়ে ২০০২ সালের এসিড দমন আইনের ৫(ক) ধারায় আসামিকে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫(খ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
রায় ঘোষণার সময় এসিড সারভাইভারস ফাউন্ডেশন-এর নির্বাহী কর্মকর্তা মনিরা রহমান, অ্যাডভোকেট বদরুল নেছা খুকু, পলাশ চৌধুরী প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন।
বর্তমানে এডিস সারভাইভারস ফাউন্ডেশনে কর্মরত হাসিনা রায়ের পর সাংবাদিকদের বলেন, তিনি এ রায়ে সন্তুষ্ট।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট সুলতানুজ্জামান, অতিরিক্ত পিপি আজিজুল হক এবং এপিপি রাশেদুল হাসান মানিক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ ও হাসান ফেরদৌস জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৫৯ ঘ.
bdnews24