ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে ১৫টি হাতবোমা, একটি করে রিভলবার ও পাইপগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
দিনাজপুরে চার রাউন্ড গুলি ও একটি অত্যাধুনিক রিভলবারসহ গ্রেপ্তার হয়েছে একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাতক্ষীরা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, লুৎফরের দেওয়া তথ্যানুসারে তার বাড়ির পাশে মাটিতে পুতে রাখা অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
তিনি জানান, বোমাগুলো তাজা এবং স্থানীয়ভাবে তৈরি। থানায় এনে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, বুধবার রাতে চার রাউন্ড গুলি ও একটি অত্যাধুনিক বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে বিডিআর।
৪০ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর জাহিদী আহসান হাবীবের নেতৃত্বে বিডিআর এর একটি দল রাত ১১টায় সদর উপজেলার দাইনুর গ্রামে ওসমান আলীর ছেলে নওশাদ আলীর (২৮) বাড়িতে অভিযান চালিয়ে গুলি ও অস্ত্র উদ্ধার করে। এ সময় তারা নওশাদ আলীকে আটক এবং পরে কোতয়ালী থানায় সোপর্দ করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬১৫ ঘ.
bdnews24