পাবনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় '১২ খুন' মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার ২০ বছর পর বুধবার এ মামলার রায় হয়।
চাঞ্চল্যকর এ মামলার রায় দেন পাবনার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ জাফরুল হাসান।
আদালতের রায়ে দণ্ডিতদের মধ্যে বিএনপির এক নেতাও রয়েছেন।
দণ্ডিতরা হলেন- চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসুদ্দিন আহমেদ, ওমর আলী, ঝন্টু, আব্দুল মজিদ, ইউনুস আলী, ইয়াকুব হোসেন, আব্দুল মালেক, ছাইফুল ইসলাম ও আমিন আহমেদ।
এরা সবাই এক সময় 'চরমপন্থী সংগঠন' সর্বহারা পার্টিতে যুক্ত ছিল।
দণ্ডিত সব আসামির উপস্থিতিতেই বিচারক রায় দেন। আদালতের রায়ে খালাস পেয়েছেন মামলার ২০ আসামি। এছাড়া বাকি ছয় আসামি মামলা চলাকালেই মারা যায়।
আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নয় আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও ৬ মাস কারাভোগ করতে হবে।
রায় ঘিরে বুধবার পাবনা জজ কোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা।
মামলার রায়ে বলা হয়, চরমপন্থীদের হুমকি মোকাবেলায় চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামের নেতৃস্থানীয়রা ১৯৮৮ সালের ২৮ আগস্ট ক্ষেতবাড়ীর গ্রামের মজিবর রহমানের বাড়িতে বৈঠক করছিল। ওই সময় চরমপন্থীরা ওই বৈঠকে হামলা চালায়। তারা গুলি ও জবাই করে ১২ জনকে হত্যা করে।
চরমপন্থীদের হামলায় সেদিন নিহত হয়- পবাখালী গ্রামের হতাই সরদার (৪৫) ও আফছার আলী (৩০); সোহাগবাড়ী গ্রামের সাইফুল ইসলাম (৩২), মজির উদ্দিন (২৮), তোজাম উদ্দিন (২৬), আব্দুল মজিদ (৫০) ও ওরম আলী (৫০); ক্ষেতবাড়ী গ্রামের জয়েন উদ্দিন (৫০), আব্দুস সোবহান (৩৬), আহমদ আলী (৪৫), বিশু (৩৫) এবং সুই গ্রামের আলাউদ্দিন ওরফে আলহাজ (৩৩)।
নিহত হতাই সরদারের বাবা আব্দুল জব্বার বাদি হয়ে পর দিন থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বিচারকাজ চলাকালেই মামলার বাদি জব্বার মারা যান।
আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24