চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার নামে একটি রোগ নিরূপণ কেন্দ্রে বুধবার সকালে আগুনে ছয় জন আহত হয়েছে।
আহতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সাইফুল ইসলাম (৩৫), সুপারভাইজার দুলাল ঘোষ ৩০), টেকনিশিয়ান সুজন চৌধুরী (৩১), আয়া মিনু দাশ (৪০), টেকনিশিয়ান বিপ্লব শীল (২২) এবং রোগী আবদুল গফুর (৬৫)।
তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সকাল সোয়া ১০টার দিকে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় একটি পরীক্ষাগারে রোগী আব্দুল গফুরের রক্ত নেওয়ার সময় হঠাৎ করেই আগুন লাগে। আহত সবাই ওই সময় ওই কক্ষে ছিলেন।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেখে, ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেছে। সেন্টারটির পরীক্ষাগারের গ্যাসচালিত অ্যানালাইজার বিস্ফোরণ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
আহত দুলাল ঘোষ সাংবাদিকদের বলেন, "হঠাৎ করে আগুন দেখে আমরা নেভানোর ব্যবস্থা করি। দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে তারা আসার আগেই প্রতিষ্ঠানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।"
তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
মেট্রো ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে কোথাও অগ্নি নির্বাপক যন্ত্র দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০৯ ঘ.
bdnews24