সাতক্ষীরা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টার নির্দেশের পর চার দিন পার হলেও মঙ্গলবার পর্যন্ত সাতক্ষীরা ও যশোরের চার উপজেলার কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদে খনন শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানিসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম গত শুক্র ও শনিবার সাতক্ষীরার তালা, যশোরের কেশবপুর, ঝিকরগাছা ও মনিরামপুর এলাকার জলাবদ্ধ অঞ্চল পরিদর্শন শেষে কপোতাক্ষ নদ খননের নির্দেশের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।
তবে মঙ্গলবার পর্যন্ত এ নির্দেশের বাস্তবায়ন হয়নি। পাউবো কর্মকর্তারা অবশ্য বলছেন, বুধবার থেকে খননকাজ শুরু হতে পারে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান বলেন, "কপোতাক্ষ নদে খনন করবে যশোর পানি উন্নয়ন বোর্ড। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সড়কপথে যশোরের কেশবপুর থেকে আসতে শুরু করেছে। বুধবার থেকে খনন শুরু হতে পারে।"
এদিকে, ঘূর্ণিঝড় রেশমীর প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে কয়েকটি এলাকায় কপোতাক্ষের পানি দুই থেকে তিন ফুট বেড়েছে।
এলাকাগুলোর মধ্যে রয়েছে- পাটকেলঘাটা সদর, খলিলনগর, তালা উপজেলার কলাপোতা, রারিপাড়া, ধলবাড়িয়া, নোয়াপাড়া, দেওয়ানী পাড়া, কিসমত ঘোনা, ভবানীপুর, ইসলামকাঠি, অলিয়া, মির্জাপুর, কেশা, কলারোয়া উপজেলার দেয়ারা, মাঠপাড়া, ক্ষেত্রপাড়া, যুগীখালি, বামন আলী, ধানদিয়া ও কৃষ্ণনগর।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজা-উন নবী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তালার মাগুরা থেকে কপিলমুনি পর্যন্ত কপোতাক্ষ নদের সাত থেকে আটটি স্পটে স্কেভেটরের সাহায্যে খনন করা হবে। ফলে বন্যার পানি দ্রুত সরে যেতে পারবে।"
ইউএনও আরো জানান, জলাবদ্ধতার কারণে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা সড়কের নোয়াপাড়া এলাকা এখনও বিচ্ছিন্ন থাকায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে রাস্তার দু'পাশে বালির বস্তা ফেলে রাস্তা মেরামতের চেষ্টা চলছে।
জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিত সাধু এবং পাটকেলঘাটার কুমিরা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এসএম আলাউদ্দিন সর্দার জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ের ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় জলাবদ্ধ এলাকায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪৫ ঘ.
bdnews24