২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাষ নেই, কাজ নেই, ফসলের সম্ভাবনাও নেই

রাস্তার পাশে মাইলের পর মাইল জুড়ে পলিথিন আর বাঁশের চাটাইয়ে তৈরি ঘর। তাতেই ঠাঁই নিয়েছে কপোতাক্ষ তীরের জলাবদ্ধ মানুষ; সঙ্গে গবাদি পশু, পোষা হাঁস-মুরগী। চারদিকে পানি, অথচ খাওয়ার পানি সংগ্রহ করতে এই মানুষগুলোকে হাঁটতে হয় কয়েক মাইল পথ। ফসলী জমিতেও পানি। চাষ নেই, তাই কাজ বা ফসলের সম্ভবনাও নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তার পাশে মাইলের পর মাইল জুড়ে পলিথিন আর বাঁশের চাটাইয়ে তৈরি ঘর। তাতেই ঠাঁই নিয়েছে কপোতাক্ষ তীরের জলাবদ্ধ মানুষ; সঙ্গে গবাদি পশু, পোষা হাঁস-মুরগী। চারদিকে পানি, অথচ খাওয়ার পানি সংগ্রহ করতে এই মানুষগুলোকে হাঁটতে হয় কয়েক মাইল পথ। ফসলী জমিতেও পানি। চাষ নেই, তাই কাজ বা ফসলের সম্ভবনাও নেই। এক মাসেরও বেশি সময় ধরে এভাবেই জলাবদ্ধ জীবনযাপন করছে যশোর ও সাতক্ষীরার পাঁচটি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। ঘূর্ণিঝড় রেশমি এই দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে আরেক ধাপ। জলাবদ্ধ এলাকা ঘুরে এসে জান্নাতুল ফেরদৌস জানাচ্ছেন,পানি ওঠায় এসব এলাকার অধিকাংশ স্কুলই বন্ধ। সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা, তারাও নিশ্চিত নয়, এই আশ্রয় শিবিরে থেকে তাদের লেখাপড়ার কী হবে। ১৯৬০ এর দশকে দক্ষিণ-পশ্চিম উপকূলের অন্য অনেক নদীর মতো কপোতাক্ষের দুই তীরেও বাধ ও বেশ কিছু স্লুইস গেট নির্মাণ করা হয়। কিন্তু নদী শাসনের প্রক্রিয়ায় ত্র"টি থেকে যাওয়ায় পলি জমে নদীর বুক ভারাট হয়ে যেতে থাকে। এক সময় আশেপাশের সংযোগ খালের তুলনায় উঁচু হয়ে যায় নদের খাত। এ কারণে নদী পথে বৃষ্টির পানি নিষ্কাশনের গতি ধীর হয়ে যাওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। কপোতাক্ষের উপচানো পানিতে প্লাবিত হয় জনপদ। উপজেলাগুলো ঘুরে দেখা যায়, কেবল কপোতাক্ষ নদের ওপরেই অপরিকল্পিতভাবে ৩২টি সেতু নির্মাণ করা হয়েছে। নির্মাণে ত্র"টি থাকায় নদীর বুক উঁচু হয়ে পরিস্থিতি করে তুলেছে আরো জটিল। পানি উঠেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের একাংশেও। সাতক্ষীরার তালা উপজেলায় এমনই একটি সেতুর কাছেই কথা হয় আয়শা বেগমের সঙ্গে। তিনি জানান, দিন পনের আগে নদী উপচানো পানির তোড়ে তার মাটির ঘর ভেঙে যায়। দুদিন আগে আরেকটু উঁচু জায়গায় নতুন করে ঘর বানানো হলেও পানি যেখাবে বাড়ছে তাতে এ ঘর কদিন টিকবে তা নিয়েও সংশয় রয়েছে। আয়েশা বলেন, "পানিতে সাপখোপ, বাচ্চাদের কোল ছাড়া করা যায় না। পানি আনতেও যেতে হয় বহুদূর।" পাশেই একটি শিব মন্দিরের চারদিকে পানি জমে রয়েছে। পানির কারণে পুণ্যার্থীরা আসতে পারেন না বলে মন্দির আপাতত বন্ধ। এদিকে কপোতাক্ষ আর বুড়িভদ্রা নদীর মধ্যে সংযোগকারী সাতটি খালে এখন চলছে ঘের দিয়ে মাছচাষ। স্থানীয় প্রভাবশালীরাই এটা করছে বলে জানালেন এলাকার লোকজন। এসব ঘেরের কারণে পানি সরতে সমস্যা হচ্ছে। মনিরামপুর উপজেলার চাকলার মুদি দোকানদার শঙ্কর কুমার সরকার জানান, ফসলী জমিতে পানি থাকায় মানুষের হাতে কাজ নেই। এ কারণে এলাকার হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। তিনি বলেন, "আগে যে কপোতাক্ষ প্রবল স্রোতের কারণে সাঁতরে পার হওয়া যেত না, এখন তারই পানি সরতে না পেরে উঠে আসছে বসতিতে।" বেসরকারী সংগঠন নাগরিক সংহতির তথ্য অনুযায়ী, যশোরের মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা থানা এবং সাতক্ষীরার তালা ও কলারোয়ার ১৬৭টি গ্রামের ৪৭ হাজার সাতশ' ৯৬ হেক্টর এলাকা এ জলাবদ্ধতার শিকার। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫১ হাজার ১৯৭, যার মোট সদস্যসংখ্যা দুই লাখ ৫১ হাজার ৩৮৬ জন। ২৫ অক্টোবর পানি ও কৃষি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম যশোর সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনকে জলাবদ্ধতা নিরসনের জন্যে সোমবারের মধ্যে মাগুরা পয়েন্টে খনন কাজ নি শুরু করার র্দেশ দেন। খনন কাজ শুরু করার ব্যাপারে যশোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা বলেন, সাতক্ষীরার কপিলমুনি ব্রীজের নিচে খনন শুরু করা হবে। কারণ এখানে পলি জমে নদীর বুক অনেক বেশী উঁচু হয়ে গিয়েছে। তাই এখানে খনন করা হবে। যাতে পানি বেরিয়ে যেতে পারে। তিনি জানান, ড্রেজিং মেশিনও এসে গিয়েছে। কিন্তু, খনন করতে গিয়ে ড্রেজিং মেশিন আটকে যাওয়ায় এখন কাজ বন্ধ রয়েছে। বুধবার থেকে আবার শুরু হবে। তিনি আরো জানান, বেড়ী বাঁধ উঁচু করণ ও অভ্যন্তরীন খাল ও নদী অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার কাজ খনন শেষ করার পর পর্যায়ক্রমে করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/জিএনএ/১৮০০ ঘ.