২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকে অর্থ পাচারের ঘটনা ঘটেনি: ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেছেন, ট্রাস্ট ব্যাংকে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) কোনো ঘটনা ঘটেনি। সোমবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাস্ট ব্যাংকের মানি লন্ডারিংয়ের অভিযোগের ব্যাপারে গভর্নর সালেহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ডেপুটি গভর্নরকে এর উত্তর দিতে বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেছেন, ট্রাস্ট ব্যাংকে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) কোনো ঘটনা ঘটেনি। সোমবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাস্ট ব্যাংকের মানি লন্ডারিংয়ের অভিযোগের ব্যাপারে গভর্নর সালেহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ডেপুটি গভর্নরকে এর উত্তর দিতে বলেন। জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, "ট্রাস্ট ব্যাংকে মানি লন্ডারিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের জানা নেই। তবে ব্যাংকটিতে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে লোকসানের ঘটনা ঘটেছিল।" সাবেক জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান গত শনিবার অভিযোগ তোলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা বিদেশে পাচার করেন। এ অভিযোগে মামলা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। আইনি জটিলতা দেখিয়ে পুলিশ সে মামলা নেয়নি। রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান মশহুদ ওই অভিযোগ পুরোপুরি অসত্য বলে দাবি করেন। তবে তিনিও স্বীকার করেন যে 'কোনো একটি কারণে' ট্রাস্ট ব্যাংকে আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছিল। 'মিথ্যা অভিযোগ' আনায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান দুদক চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২১১৯ঘ.