ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব সরকারি কার্যালয়ে ঘুষ লেনদেনের অভিযোগ বেশি সেসব কার্যালয়ে দুর্নীতি ধরার জন্য 'ফাঁদ' পাতা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।
সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, "কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ঘুষ নেয়ার ঘটনা বেশি ঘটে, সেখানে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে। এ প্রক্রিয়ায় ১৫টি ঘটনায় ইতোমধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"
হানিফ ইকবাল জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশ বিভাগ ও ভূমি মন্ত্রণালয়ের পাঁচ জন করে মোট ১০ জন এবং খাদ্য, সমাবয়, শুল্ক, শিক্ষা ও প্রকৌশল বিভাগের একজন করে কর্মী রয়েছেন।
মহাপরিচালক জানান, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে চারটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক পোস্টাল অপারেটর জুলহাস মিঞা, সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ ও মো. ইউনূস আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া ৯৯ লাখ ১৪ হাজার ৯১৫ টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার ব্যবসায়ী সাইফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে হানিফ ইকবাল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯৩৭ঘ.
bdnews24