কক্সবাজার, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছেন চার বিদেশি নাগরিকসহ অর্ধশতাধিক পর্যটক।
সোমবার আকাশ পরিস্কার থাকলেও সাগর ছিল উত্তাল। ফলে এদিনও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলেনি। এ কারণে যাদের ফিরে আসার কথা ছিল তারা টেকনাফ ফিরতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল ইসলাম জানান, আটকে পড়া পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য স্থানীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে এলেই তাদের ফিরিয়ে আনা হবে।
সেন্টমার্টিনের স্থানীয় সাংবাদিক জোবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদিন ধরে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ৫৬ জন দেশি-বিদেশি পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছেন।
এদের মধ্যে হোটেল ব্লু মেরিনে অবস্থান করছেন ১০ জন, প্রাসাদ প্যারাডাইসে ১২ জন, হোটেল সী-হার্টে দুজন, হোটেল প্রিন্স হেভেনে ১৫ জন, সী গোল্ড রেস্ট হাউসে তিনজন, হোটেল অবকাশে তিনজন, সীমানা পেরিয়ে রিসোর্টে সাতজন ও হোটেল নীল দরিয়ায় চারজন পর্যটক অবস্থান করছেন।
আটকে পড়া পর্যটকদের মধ্যে হোটেল ব্লু মেরিনে নাজিম উদ্দিন নামে একজন ভারতীয় নাগরিক ও স্পেনের একজন মহিলা পর্যটক এবং সীমানা পেরিয়ে রিসোর্টে একজন মহিলাসহ দুই জন জার্মান নাগরিক রয়েছেন। এরা গত শনিবার সেন্টমার্টিনে যান।
টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ 'কেয়ারী সিন্দবাদ' এর কক্সবাজারস্থ ব্যবস্থাপক আবু নোমান জানান, আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় রোববার ও সোমবার কোন জাহাজ সেন্টমার্টিন যায়নি। সাগর শান্ত হয়ে এলে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হবে।
টেকনাফ থেকে কেয়ারী সিন্দবাদ ও এলসিটি কুতুবদিয়া নামের দুইটি জাহাজ সেন্টমার্টিনে যাত্রী পরিবহন করে বলে তিনি জানান।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ জানান, আটকে পড়া পর্যটকরা নিরাপদেই আছেন। তাদের জন্য হোটেল ভাড়া অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
আগামীকাল মঙ্গলবারের মধ্যে সাগর শান্ত হয়ে এলে তাদের নিরাপদে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24