২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামাইন দুধ: তিন সচিব ও আইজিপি'র বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে 'কার্যকর' ভূমিকা না নেওয়ায় সরকারের তিন সচিব ও পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে 'কার্যকর' ভূমিকা না নেওয়ায় সরকারের তিন সচিব ও পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। সোমবার বিচারপতি এবিএম খায়রুল হক ও মো. আব্দুল হাই এর বেঞ্চে মামলাটি দায়ের করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আটজন আইনজীবী। মঙ্গলবার এ মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। মামলায় বলা হয়েছে, গত ২৩ অক্টোবর হাইকোর্ট মেলামাইনযুক্ত যেসব গুঁড়োদুধ পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে তার প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে ডিপ্লোমা, রেডকাউ, ডানো, লাসি-১, লাসি-২, সুইট বেবি, নিডো ও এনলিং এর বিক্রি ও প্রদর্শন বন্ধে আদালত নির্দেশ দেয়। এতে আরও বলা হয়, হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে অবহিত করা হলেও এ ব্যাপারে সরকার কোন রকম কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই সরকারের বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক আদালতের আদেশ অমান্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৫৫৮ ঘ.