ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'রেশমি' আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার দুপুর নাগাদ খুলনা-বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া অধিদপ্তর মংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সঙ্কেত দেখাতে বলেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উত্তাল সাগরে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি দুর্বল সাইক্লোন। দুর্বল অবস্থাতেই এটি উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি অস্বাভাবিক আচরণ করায় এখনই বেশি কিছু বলা যাচ্ছে না।"
তিনি জানান, রেশমি বড় পরিসরে ছড়িয়ে পড়েছে। এর ব্যাপ্তি প্রায় ২৫০ কিলোমিটার। প্রথম দিকে ধীর গতিতে এগুলেও বিকেলে এটি দ্রুতগতিতে উপকূলের দিকে অগ্রসর হতে থাকে। আবার সন্ধ্যার পর গতি কমে যায়।
এ ঘূর্ণিঝড়টির আরেকটি বৈশিষ্ট্য হলো- শুরু থেকেই এটি প্রচুর বৃষ্টি ঝরাচ্ছে। এ কারণে স্বাভাবিক শক্তি ঘূর্ণিঝড়টি অর্জন করতে পারেনি।
সুজিত কুমারের মতে, মৌসুমি বায়ুর বিদায়ের পর বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় বা লঘুচাপের সৃষ্টি হয়, তাদের চরিত্র সাধারণত এ রকম হয় না।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেশমি রোববার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার; যা দমকা হওয়ার আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
রেশমির প্র্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং উপকূলীয় দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুটের বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
এদিকে রোববার দুপুরেই পটুয়াখালী ও চাঁদপুরে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
নিম্নচাপের প্রভাবে সারাদেশে শনিবার রাত থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রোববার বৃষ্টির মাত্রা আরো বাড়ে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সকাল থেকে রাজধানীর রাস্তাঘাটে লোক চলাচল ছিল কম। হাতে গোনা রিকশার জন্য পথে নামা মানুষের মধ্যে একরকম প্রতিযোগিতাও দেখা যায়।
দেশের অন্যান্য স্থানেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
আবহাওয়া বিভাগ বলেছে, রোববার বিকাল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের ছয়টি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১১৫, কুমিল্লায় ৯৬, কক্সবাজারে ১৫, খুলনায় ১৯ এবং ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/ডিডি/জেকে/জিএনএ/১১১০ ঘ.
bdnews24