ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে অপহৃত দুই ব্র্যাক কর্মীকে মুক্তি দেওয়ার জন্য অপহরণকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার ঢাকায় আফগানিস্তানের রাষ্ট্রদূত আহমেদ করীম নওয়াবীর সঙ্গে বৈঠক করেন এবং এ ব্যাপারে আফগান সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন।
এর আগে একই দিন বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বৈদেশিক প্রকল্প বিভাগের নির্বাহী পরিচালক আমিনুল আলম ও জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক তাদের প্রতিষ্ঠানের দুই কর্মীকে উদ্ধারে উদ্যোগ নিতে পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানান।
বাংলাদেশী বেসরকারি সংস্থাটির দুই কর্মকর্তা মো. আখতার ও মো. শাহজাহানকে বৃহস্পতিবার গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ব্র্যাকের কাবুল অফিসের বরাত দিয়ে সংস্থাটির ঢাকা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'গজনির মোই মোবারক শাখা থেকে চার বন্দুকধারী গত বৃহস্পতিবার অস্ত্রের মুখে দুই কর্মকর্তাকে অপহরণ করে। তাদের পরিচয় জানা যায়নি।'
রাষ্ট্রদূতের সঙ্গে উপদেষ্টার বৈঠকে আমিনুল আলম ও আনোয়ারুল হকও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে অপহৃত ব্র্যাক কর্মীদের মুক্তি দেয়ার জন্য অপহরণকারীদের প্রতি আহ্বান জানিয়ে আমি বলেছি, ব্র্যাক কর্মীরা আফগান ভাইদের সাহায্য করতেই সেখানে গিয়েছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।"
তিনি বলেন, "নিরপরাধ ওই দুই ব্র্যাক কর্মীকে মুক্ত করতে সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাবে। এর আগে নুরুল ইসলামের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল সেধরনের সব উদ্যোগই নেবে সরকার।"
গত বছর ১২ সেপ্টেম্বর আফগানিস্তানে আব্দুল আলীম নামে এক ব্র্যাক কর্মকর্তা অজ্ঞাত পরিচয় বন্ধুকধারীর গুলিতে নিহত হন। এরই মাত্র ৩ দিন পর নুরুল ইসলাম নামে আরেকজন কর্মকর্তাকে অপহরণ করে বন্ধুকধারীরা। অপহরণের ৮৩ দিন পর তাকে উদ্ধার করা হয়।
উপদেষ্টা জানান, ব্র্যাকের ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় দুই লাখ আফগান উপকৃত হচ্ছেন। এছাড়া সংস্থার স্বাস্থ্য সেবা কর্মসূচির মাধ্যমে ৫০ হাজার আফগান নারীকে স্বাস্থ্য সেবার আওতায় আনা হয়েছে এবং আফগানিস্তানে চার হাজার বিদ্যালয় স্থাপন করেছে ব্র্যাক।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি আশা করছি, অপহরণকারীরা ওই দুই কর্মীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে।"
আফগান রাষ্ট্রদূত বলেন, "আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো (অপহৃতদের উদ্ধারে)।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/২২৩৭ ঘ.
bdnews24