২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দেশে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত

সুদান, সিয়েরালিয়ন ও গ্রীসে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে আবার আফিগানিস্তানে দূতাবাস স্থাপনেরও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে রোববার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুদান, সিয়েরালিয়ন ও গ্রীসে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে আবার আফিগানিস্তানে দূতাবাস স্থাপনেরও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে রোববার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, সূদানের রাজধানি খার্তুম,সিয়েরালিয়নের রাজধানী ফ্রিটাউন এবং গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সুদানে বর্তমানে চার হাজারেরও বেশি বাংলাদেশী শ্রমিক রয়েছে এবং সেখানে নির্মাণ শ্রমিকের চাহিদাও যথেষ্ট। একই ভাবে সিয়েরালিয়নে জনশক্তি রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দু'দেশে জাতিসংঘের শান্তিমিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য কাজ করছে। বাংলাদেশের সৈন্যদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ স্থাপনে এ দুই দেশে দূতাবাস প্রতিষ্ঠার ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বারোপ করেছে এবং তারই প্রেক্ষিতে দুদেশে দূতাবাস স্থাপনে সিদ্ধান্ত হয়। তিনি জানান, আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের কুটনৈতিক সম্পর্ক থাকলেও ১৯৯৮ সালে যুদ্ধপরিস্থিতির প্রেক্ষাপটে সেদেশে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন আবার এ দেশে দুতাবাস স্থাপনে পুর্নস্থাপনের সিদ্ধান্ত হয়। সুদান,সিয়েরালিয়ন ও আফগানিস্তানে প্রাথমিক ভাবে দূতাবাসের প্রথম সচিব চার্জ দ্য অ্যাফেয়ার্স এর কাজ করবেন। প্রেস সচিব জানান, এথেন্সে ২০০০ হাজারেরও বেশি বাংলাদেশে বসবাস করছে। বর্তমানে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গ্রীস প্রবাসীদের সেবা প্রদান করা হয়। এ পরিস্থিতিতে সেখানে পূর্ণাঙ্গ দূতাবাস খোলার সিদ্ধান্ত হয়েছে। ফাহিম মুনয়েম জানান, সভায় বাংলাদেশ ল'জ (রিভিশন এন্ড ডিক্লারেশন) অ্যাক্ট ১৯৭৩ সংশোধন করে বাংলাদেশ ল'জ (রিভিশন এন্ড ডিক্লারেশন) (সংশোধনী ) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন দেওয়া হয়েছে। এ সংশোধনীর ফলে ৩৮ টি ভলিউমের বাংলাদেশ কোড সিডি আকারে পাওয়া যাবে। পাশাপাশি ওয়েবসাইটেও এ বাংলাদেশ কোড দেখা যাবে। বাংলাদেশের সকল আইন, অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির আদেশগুলো বাংলাদেশ কোডে রয়েছে। ফাহিম মুনয়েম জানান, সভায় সাউথ এশিয়া ফি ট্রেড এরিয়া (সাফটা) চুক্তিতে আফগানিস্তানের অন্তর্ভূক্তির বিষয়ে স্বাক্ষরিত প্রটোকলের প্রশাসনিক পত্র (ভূতাপেক্ষ অনুমোদন ও অনু সমর্থনের প্রস্তাব) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত আগস্টে অনুষ্ঠিত পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্্র উপদেষ্টা এ প্রটোকলটি স্বাক্ষর করেন। ফাহিম মুনয়েম আরো জানান, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধনী অধ্যাদেশ ২০০৮ অনুমোদন দেওয়া হয়েছে সভায়। এখানে কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। প্রেস সচিব জানান, তুরস্কের সঙ্গে তিন লাখ ত্রিশ হাজার ৮৭০ ইউএস ডলারের সামরিক অনুদান সংক্রান্ত একটি চুক্তি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে। চুক্তির আওতায় তুরস্ক বাংলাদেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণসহ অন্যান্য সামরিক সহযোগিতা করবে। তিনি জানান, বৈঠকে কৃষি উপদেষ্টা সিএস করিম সাতক্ষীরার কলারোয়া ও তালা এবং যশোরের মনিরামপুর, ঝিকরগাছা ও কেশবপুরে জলাবদ্ধতার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তার পরিপ্রেক্ষিতে এ এলাকার জনসাধারণকে জলাবদ্ধতা নিরসন ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীসহ অন্যান্য ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/জিএনএ/২০২০ ঘ.