২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিক্রি বন্ধে কমিটি করবে সরকার

হাইকোর্টের আদেশ অনুযায়ী আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধের বিক্রি, বিপণন ও প্রদর্শন নিষিদ্ধের বিষয়টি তদারকির জন্য জেলা পর্যায়ে কমিটি করবে সরকার। এছাড়া, বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশ অনুযায়ী আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধের বিক্রি, বিপণন ও প্রদর্শন নিষিদ্ধের বিষয়টি তদারকির জন্য জেলা পর্যায়ে কমিটি করবে সরকার। এছাড়া, বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে রোববার এক সভায় এ সিদ্ধান্ত হয়। নমুনা পরীক্ষায় আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধে সহনশীল মাত্রার চেয়ে বেশি পরিমানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেলামাইনের অস্তিত্ব মেলায় এগুলোর প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৩ অক্টোবর সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। ব্র্যান্ডগুলো হল- ডিপ্লোমা, রেডকাউ, ডানো ফুলক্রিম, ইয়াশলি- ১, ইয়াশলি- ২, সুইট বেবি- ২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট ও অ্যানলিন। এর আগে সরকার এই আটটি ব্রান্ডের গুঁড়োদুধ আপাতত ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি দেবে বাংলাদেশ বিএসটিআই। পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ এর বাস্তবায়ন নিশ্চিত করবে। এছাড়া, পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পর্যায়ে কমিটি করা হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটিতে থাকবেন পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলা তথ্য কর্মকর্তা। তিনটি গবেষণাগারে দুধের পরীক্ষায় ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ায় সরকার আবারও তা পরীক্ষা করছে এবং নমুনা বিদেশের পরীক্ষাগারেও পাঠানো হয়েছে। বিদেশে পরীক্ষা সম্পর্কে সভায় জানানো হয়, আগামী তিন থেকে চার দিনের মধ্যে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ব্যাংককের আঞ্চলিক কার্যালয় থেকে এ পরীক্ষার ফল পাওয়া যাবে। সভায় সিদ্ধান্ত হয়, গুঁড়োদুধ ছাড়াও দুধ ও মিষ্টিসহ অন্যান্য দুগ্ধজাত খাদ্যে মেলামাইন আছে কিনা- পরীক্ষার জন্য বিএসটিআই ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দ্রুত উদ্যোগ নেবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম, শিল্প সচিব শেখ এনায়েত উল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ, বিএসটিআই এর মহাপরিচালক মো. আজমল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফায়েজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/টিএইচ/এমএইচবি/১৮৩৮ ঘ.